কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক মিলল গজারিয়ায়
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:০২ পিএম
কাশিয়ানীতে ছিনতাই হওয়া ট্রাক গজারিয়া থেকে উদ্ধার। ছবি : যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। তবে ট্রাকে থাকা তেল জব্দ এবং ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, গত ১১ মে পুষ্টি অয়েল
কোম্পানির ৬০ ড্রাম ভোজ্যতেল নিয়ে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে ট্রাকটি খুলনায় যাচ্ছিল।
রাত ১টার দিকে ট্রাকটি কাশিয়ানী উপজেলার বরাশুর রুমি ফিস ফিড মিল এলাকায় পৌঁছালে একটি
পিকআপ তেলবাহী যানটির গতিরোধ করে।
এ সময় পিকআপ থেকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল ট্রাক চালক ও হেলপারকে
মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের পিকআপে উঠিয়ে ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে
নেয়। ট্রাকের চালক ও হেলপারকে ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগ্রাম এলাকায় মহাসড়কের পাশে
একটি কলাবাগানের মধ্যে ফেলে ডাকাত দল তেলবাহী ট্রাকটি নিয়ে চলে যায়।
পরের দিন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে ভর্তি করেন এবং ঘটনাটি ট্রাক মালিককে জানান। এ ঘটনায় গত ১২ মে ট্রাক মালিক ইকবার
হোসেন বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা করেন। মঙ্গলবার কাশিয়ানী থানা পুলিশের একটি
দল মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করে।
ওসি বলেন, ‘তেল উদ্ধার ও জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
