Logo
Logo
×

সারাদেশ

কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৩:৩১ পিএম

কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু

ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ইউনুছ আলী (৬২) নামের আরেক আহত ব্যক্তি মারা গেছেন। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে একই সংঘর্ষের ঘটনায় ইউনুছ আলীর ভাই মহব্বত আলীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউনুছ আলীর ভাতিজা অ্যাডভোকেট জিল্লুর রহমান। মৃত ইউনুছ আলী উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে।

এ সংঘর্ষের পর থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৩৫ থেকে ৪০টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার বিকালে মহব্বত আলীর ছেলে এনামুল কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। এতে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের নজরুল ইসলামের সঙ্গে আরিফ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নজরুল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর তিনি বিএনপিতে যোগদান করেন এবং ইউনিয়নে নিজের প্রভাব বাড়াতে মরিয়া হয়ে ওঠেন। এরই জের ধরে গত ১ মে সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে নজরুল ইসলাম মোল্লার সমর্থকরা হামলা চালায়। এ সময় আরিফের সমর্থকরা প্রতিরোধ গড়ে তুলেন।

পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে মহব্বত হোসেন নামের একজনের অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুরে রেফার্ড করা হয়। সেদিন দুপুরে ফরিদপুর হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে, কয়েকদিন ধরে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটার আশঙ্কার কথা পুলিশকে জানালেও তারা ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। তাদের দাবি, সংঘর্ষের কিছু সময় আগেও পুলিশকে বিষয়টি জানানো হয়। তবে তারা ব্যবস্থা নেয়নি। বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনার সময়ও পুলিশ ইউনিয়নে অবস্থান করছিল।

ছোট তালিয়ান গ্রামের তরিকুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে নজরুলের সমর্থক মহব্বত আলীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৩৫ থেকে ৪০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সময় গরু, ধান ও ঘরের আসবাবপত্র নিয়ে যায়। বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়েছি। পানি খাওয়ার একটি গ্লাসও বাড়িতে অবশিষ্ট নেই।’

নাটোপাড়া এলাকার বাসিন্দা জলি খাতুন বলেন, ‘সোমবার দুপুরের দিকে হঠাৎ ২০ থেকে ৩০ জন এসে আমাদের বাড়িতে হামলা চালায়। তারা ভাঙচুর ও লুটপাট করে। বোনের বিয়ের জন্য বানানো স্বর্ণালংকারও নিয়ে গেছে তারা।’

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘দুপক্ষের সংঘর্ষে আহত ইউনুছ আলী মারা গেছে। এ নিয়ে দুজন মারা গেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’ সংঘর্ষের শঙ্কার কথা আগে জানানো হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন,‘আমাকে কেউ আগে জানায়নি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম