নাশকতা মামলায় কাশিয়ানী যুবলীগের আহ্বায়ক গ্রেফতার
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. আমিরুজ্জামান মিয়া (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রামদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আমিরুজ্জামান কাশিয়ানী উপজেলা (দক্ষিণ) যুবলীগের আহ্বায়ক। তিনি উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি জানান, যুবলীগ নেতা আমিরুজ্জামানকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ভোররাতে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। জনমনে ভীতি সৃষ্টি করতে যানবাহন চলাচলে বাধা দেয়। পরে খবর পেয়ে দায়িত্বরত পুলিশের ওই দল ঘটনাস্থলে পৌঁছলে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল আলম বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৫৫ জনকে আসামি করে কাশিয়ানী থানায় মামলা করেন।
