Logo
Logo
×

সারাদেশ

অস্ত্রের মুখে তিন ব্যবসায়ীকে অপহরণ

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৬:০৬ পিএম

অস্ত্রের মুখে তিন ব্যবসায়ীকে অপহরণ

প্রতীকী ছবি

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে যাত্রীবাহী গাড়িতে হামলা চালিয়ে সর্বস্ব লুট করেছে মুখোশধারী সশস্ত্র ডাকাত দল। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে তিন যাত্রীকে অপহরণ করে পাশের পাহাড়ে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অপহৃতদের খোঁজ মিলেনি। একই দিন সকাল ৭টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

অপহৃতরা হলেন- রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের গুইন্যাপাড়া এলাকার শাহজাহানের ছেলে মো. শাহেদ (১৮) এবং ফাতেমার ঘোনার আলমের ছেলে আমির সোলতান। তারা পেশায় মাছ ব্যবসায়ী। অপহৃত অন্য ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

ঈদগাঁও থানার ওসি মো. মছিউর রহমান বলেন, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা নুর আহমদ মান্নান জানান, যাত্রীবাহী দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মাছবাহী গাড়ি হিমছড়ি ঢালায় পৌঁছলে মুখোশধারী সশস্ত্র ডাকাতরা রাস্তায় গাছ ফেলে যানবাহন আটকে দেয়। এ সময় একটি সিএনজি পালিয়ে যায়। এরপর অন্য দুই গাড়ির যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ সর্বস্ব লুট করে তারা। পরে তিন যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে পাশের পাহাড়ে নিয়ে যায়।

রামু থানার ওসি তৈয়বুর রহমান বলেন, ঘটনাস্থল রামু থানার মধ্যে পড়েনি। তারপরও ঈদগড় পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম