Logo
Logo
×

সারাদেশ

বাবার স্কুটিতে বোরকার ওড়না পেঁচিয়ে প্রাণ হারাল কলেজছাত্রী

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১০:৫৬ পিএম

বাবার স্কুটিতে বোরকার ওড়না পেঁচিয়ে প্রাণ হারাল কলেজছাত্রী

নোয়াখালীর হাতিয়ায় বাবার মোটরসাইকেলে কলেজে যাওয়ার পথে বোরকার ওড়না পেঁচিয়ে প্রাণ হারিয়েছেন ইশরাত জাহান শান্তা (১৭) নামে এক কলেজছাত্রী। 

রোববার (২২ জুন) দুপুরে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের হিল্টন রোড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃত শান্তা হাতিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের বাসিন্দা ও পল্লী চিকিৎসক মো. আরিফের একমাত্র মেয়ে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শান্তা তার বাবার মোটরসাইকেলে চড়ে কলেজের উদ্দেশে রওনা দেন। হিল্টন রোড এলাকায় পৌঁছলে চলন্ত মোটরসাইকেলের পেছনের চাকায় তার পরনের বোরকার নিচের অংশ পেঁচিয়ে যায়। এতে গলায় থাকা বোরকার অংশেও প্রচণ্ড টান পড়ে, ফলে শান্তা গাড়ি থেকে ছিটকে পড়ে যান এবং বোরকার আঁচলে ফাঁস লেগে প্রায় ২০-২৫ গজ দূরে টেনেহিঁচড়ে নিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে শান্তা ও তার বাবাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল কর্মকর্তা মো. শামীম জানান, শান্তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং গলায় ফাঁস লাগার চিহ্ন পাওয়া যায়। তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে নদী পার হওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান শান্তার চাচা মো. আশরাফ।

মেয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা মো. আরিফ। পরিবারের সদস্যরা জানান, তিনি মানসিকভাবে চরম আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং স্বাভাবিক আচরণ করতে পারছেন না।

হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শান্তার মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্কুল-কলেজের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার প্রতিকার ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

এমন দুর্ঘটনা থেকে রক্ষা পেতে চালকদের ও যাত্রীদের জন্য বোরকা, ওড়না বা ঝুলন্ত পোশাক ব্যবহারে সতর্কতা অবলম্বনের জন্য বিশেষজ্ঞরা বারবার পরামর্শ দিয়ে থাকেন। সচেতনতাই হতে পারে এমন প্রাণঘাতী ঘটনার একমাত্র প্রতিরোধ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম