|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের রামুতে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে আবদুল মান্নান (৩০) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে।
রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে কম্বনিয়া এলাকার রশিদ আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ওসি তৈয়বুর রহমান।
নিহত আবদুল মান্নান একই এলাকার মো. হোছন আলী প্রকাশ মাছনের ছেলে।
ভুক্তভোগীদের বরাত দিয়ে ওসি জানান, সকালে রশিদ আহমদের বাড়িতে ঢুকে ডাকাত দল। এ সময় রশিদের মেয়ে সাবিনা ইয়াসমিন চিৎকার করে এলাকাবাসীর সাহায্য চান। এলাকার লোকজন এগিয়ে এলে ডাকাতিতে অভিযুক্ত আবদুল মান্নানকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মোহাম্মদ হোছন আলী ও তার ছেলেরা মিলে দিনদুপুরে মহাসড়ক ও পাশের এলাকায় ডাকাতি করে আসছিল। গত ২৮ জুন তাদের গ্রেফতারের দাবিতে স্থানীয়রা কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসন ডাকাতদের গ্রেফতারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন।
রামু থানার ওসি তৈয়বুর রহমান বলেন, নিহত মান্নান একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে রামু থানায় ধর্ষণ ও ডাকাতির ডজনখানেক মামলা রয়েছে। তার পরিবারের অন্য সদস্যরাও এ কাজে জড়িত। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
