Logo
Logo
×

সারাদেশ

উখিয়ায় অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৯:৫৯ পিএম

উখিয়ায় অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার

গ্রেফতার জায়েদ হোসেন ফারুক। ছবি: যুগান্তর

কক্সবাজারের উখিয়ায় জায়েদ হোসেন ফারুক (২২) নামে একটি অপহরণকারী চক্রের প্রধান হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে র‌্যাবের পোশাক, অস্ত্র ও গুলি।

রোববার (২৯ জুন) রাতে উখিয়া উপজেলার পশ্চিম মরিচ্যা গ্রামে র‌্যাব-১৫-এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সোমবার দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম।

লে. কর্নেল কামরুল জানান, গত ১১ জুন রাত ১১টার দিকে উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. হাফিজ উল্লাহ নামের এক যুবককে র‌্যাব পরিচয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। পরে তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের মূলহোতা জায়েদ হোসেন ফারুককে গ্রেফতার করা হয়। সে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকার আবদুস শুক্কুরের ছেলে।

গ্রেফতারের পর তার দেওয়া তথ্যে ফারুকের কাছ থেকে উদ্ধার করা হয়- র‌্যাবের চারটি ইউনিফর্ম, একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি বন্দুক, ২১ রাউন্ড গুলি (দেশি-বিদেশি পিস্তল ও বন্দুকের), র‌্যাবের নকল পরিচয়পত্র একাধিক সরঞ্জাম ও হ্যান্ডকাফ।

র‌্যাব জানায়, সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার হওয়া কুখ্যাত ডাকাত শাহ আলম, বরখাস্ত সৈনিক সুমন মুন্সী এবং আরও অন্তত চারজন এ অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য।

অভিযোগ রয়েছে, এ চক্র র‌্যাব পোশাক পরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অপহরণ করত। এরপর নির্জন পাহাড়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করত। র‌্যাব জানিয়েছে, চক্রটির বিরুদ্ধে অস্ত্র, অপহরণ ও রাষ্ট্রীয় প্রতীক অপব্যবহারের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম