ছিনতাইয়ের অভিযোগে মাথা ন্যাড়া করা নেতাকে সব ধরনের পদ থেকে বহিষ্কার
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১০:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে নিজ দলের কর্মীদের হাতে লাঞ্ছিত ও মাথা ন্যাড়া হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক আফছর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বহিষ্কারাদেশে মিজানকে শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য দায়ী করে বলা হয়েছে, তাকে সবধরনের দলীয় পদপদবি থেকে অব্যাহতির পাশাপাশি বহিষ্কার করা হলো। তবে ছিনতাইয়ের ব্যাপারে কিছুই উল্লেখ করা হয়নি।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল এয়ারপোর্ট থানা শাখার যুগ্ম আহ্বায়ক ইমদাদুল ইসলাম মিজানকে ছিনতাইকারী হিসাবে উল্লেখ করে গত বুধবার সন্ধ্যায় নগরীর দর্শনদেউড়ী এলাকায় তার দলীয় কর্মীরা লাঞ্ছিত করে মাথা ন্যাড়া করে দেন। এরপর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী জানান, শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য দায়ী করে তাকে সবধরনের দলীয় পদপদবি থেকে অব্যাহতির পাশাপাশি বহিষ্কার করা হয়েছে।
