সাপের কামড়ের পর ঝাড়ফুঁক, হাসপাতালে নেওয়ার পথে ছাত্রীর মৃত্যু
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১০:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাগুরার মহম্মদপুরে বিষধর সাপের কামড়ে লামিমা জাকিয়া (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। সাপে কামড়ের পর তাকে কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রোববার রাত ১০টার দিকে উপজেলার দাতিয়াদহ গ্রামে নিজ বাড়ির বিছানায় ওই ছাত্রীকে সাপে কামড় দেয়।
লামিমা ওই গ্রামের মামুন শেখের মেয়ে। সে বাবুখালী আদর্শ দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, লামিমা রোববার রাতে খাবার খেয়ে তার বেডরুমে শুয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার আগেই হঠাৎ তাকে একটি সাপে কামড় দেয়। বিষয়টি সে বুঝতে পেরে চিৎকার দিলে তার বাবা-মা ও স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে মো. আবির হোসেন নামে একজন ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। তার এ অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান, বিষধর সাপের কামড়ে লামিমা জাকিয়ার মৃত্যু হয়েছে।
