খালেদা জিয়ার জন্য বিএনপি নেতা জয়নালের ভালোবাসার অনন্য নিদর্শন
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৬:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজনীতিতে ভক্তি ও ভালোবাসা অনেক সময় আশ্চর্য শিল্পকর্মে রূপ নেয়। তেমনই এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার বিএনপি নেতা জয়নাল আবেদীন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে তৈরি করছেন এক বিশালাকৃতির রাজকীয় চেয়ার—উচ্চতা ৭ ফুট ৩ ইঞ্চি, নির্মিত হচ্ছে সুদৃঢ় সেগুন কাঠ দিয়ে।
চেয়ারে খোদাই করা হচ্ছে চমৎকার নকশা ও রাজনৈতিক প্রতীক; যা চোখ জুড়ানো এবং ঐতিহাসিক বার্তা বহন করে।
শুধু খালেদা জিয়ার জন্য নয়—এই নেতার হাতে তৈরি হচ্ছে আরও চারটি চেয়ার। বিএনপির সিনিয়র নেতা তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ এবং উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরীর জন্য একটি চেয়ার।
এই পাঁচটি চেয়ার মিলে যেন গড়ে উঠছে বিএনপির প্রতীকী ‘নেতৃত্বমঞ্চ’—যার শিকড়গাঁথা একজন নিবেদিতপ্রাণ কর্মীর শ্রদ্ধা ও আত্মত্যাগে।
জয়নাল আবেদীন উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজার এলাকার বাসিন্দা এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০১৭ সালে বেগম খালেদা জিয়া রোহিঙ্গা ইস্যুতে উখিয়ায় এসেছিলেন। সেদিন তাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। তখনই প্রতিজ্ঞা করেছিলাম— তাকে কিছু একটা উপহার দেব। সেই প্রতিজ্ঞা থেকেই আজকের এই চেয়ার তৈরির যাত্রা।
২০১৮ সাল থেকে চেয়ার তৈরির কাজ শুরু করলেও শেষ করতে পারেননি। তার দাবি— এই চেয়ার তৈরির চেষ্টার কারণে তাকে ১২টি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বর্তমানে পরিবেশ অনুকূলে থাকায় আবারও নির্মাণ কাজ শুরু করেছেন।
জয়নাল বলেন, হাইলাইট বা প্রচারের জন্য নয়, নিখাদ শ্রদ্ধা থেকে এ কাজ করছি। আমার স্বপ্ন—মাত্র পাঁচ মিনিটের জন্য হলেও বেগম খালেদা জিয়া এই চেয়ারে বসবেন। যদি না বসেন, তবে আমি নিজেও কখনো এতে বসব না। যতদিন বেঁচে থাকি, এটি আমার ঘরের মেহরাব হয়ে থাকবে।
তার দেওয়া তথ্যমতে, বড় চেয়ারের কাঠামো নির্মিত হচ্ছে উন্নতমানের সেগুন কাঠ দিয়ে। এর পেছনের অংশে খোদাই করা হচ্ছে রাজনৈতিক প্রতীক ও নান্দনিক নকশা। খালেদা জিয়ার চেয়ারে খরচ হচ্ছে প্রায় ৪ লাখ টাকা এবং অন্য চারটিতে প্রতিটি ৮০ হাজার টাকা করে। পুরো কাজ পরিচালনা করছেন সাতজন দক্ষ কারিগর, যাদের মধ্যে তিনজন আনা হয়েছে চট্টগ্রাম থেকে—শিল্পমান বজায় রাখার জন্য।
জয়নালের এ উদ্যোগ ইতোমধ্যেই স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে আবেগ ও উৎসাহ সৃষ্টি করেছে। কেউ কেউ একে ‘ভক্তির অনন্য নিদর্শন’ হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে অতিরিক্ততা বলেও উল্লেখ করছেন- কারণ জয়নাল নিজেও সংগ্রাম করে সংসার চালান।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী। তিনি বলেন, জয়নাল আবেদীন দলের একজন পরীক্ষিত সৈনিক। আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ১২টি রাজনৈতিক মামলা হয়েছিল, তিনি বারবার কারাভোগ করেছেন। এত কিছুর পরও তিনি দমে যাননি। এই চেয়ার তৈরি তার রাজনৈতিক নিষ্ঠা ও ভালোবাসার প্রতীক।
চেয়ারগুলো আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ট্রাকে করে ঢাকায় পাঠানো হবে। শেষ ধাপে রয়েছে রং, পালিশ ও তুলার আসন বসানোর কাজ। এরপরই একটানা প্যাকিংয়ের মাধ্যমে ‘ভক্তির চেয়ারগুলো’ পৌঁছবে রাজধানীর পথে।
