নরসিংদীতে আদালতের কাঠগড়া থেকে পালাল আসামি
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১০:৫৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীতে আদালতের কাঠগড়া থেকে চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার এক আসামি পালিয়েছে।
সোমবার দুপুরে জেলা জজ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালত থেকে আসামি পলায়নের এ ঘটনা ঘটে।
আসামি রিয়াজুল ইসলাম হৃদয় নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে। ৭ জুলাই অটোরিকশা চুরি মামলার সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করে রায়পুরা থানা পুলিশ।
কোর্ট পুলিশ সূত্র জানায়, একটি চুরির মামালায় নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে শুনানি চলছিল। ওই সময় বিদ্যুৎ বিভ্রাটের (লোডশেডিং) সুযোগে অভিযুক্ত হৃদয় আদালতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
বিষয়টি টের পেয়ে আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে।
এছাড়া এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে।
নরসিংদী কোর্ট পুলিশের ইনচার্জ সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুতের লোডশেডিং চলছিল। এ সুযোগে সে হাতকরা খুলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
আদালতের কাঠগড়া থেকে আসামি পালানোর ঘটনায় পুলিশের গাফিলতি আছে স্বীকার করে তিনি বলেন, যে ২ পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন, তারা ঠিকভাবে দায়িত্ব পালন করেননি। যার ফলে এ ঘটনা ঘটে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে।
