ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সোনাগাজীতে এনসিপির দুই নেতার পদত্যাগ
সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৬:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আলাউদ্দিন ও মো. ইসমাইল হোসাইন নামে দুই নেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগের ঘোষণা দেন।
তাদের দুইজনেরই দাবি কমিটিতে রাখার সময় তাদের কোনো মতামত বা সম্মতি নেওয়া হয়নি।
এনসিপির ফেনী জেলার সোনাগাজী উপজেলা কমিটি ঘোষণার এক মাসের মাথায় কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন এই দুই নেতা।
গত ২০ জুন ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার পর তাদের কয়েকটি কর্মসূচিতেও দেখা যায়। ১৮ জুলাই রাতে নির্বাহী কমিটির সদস্য সদর ইউনিয়নের শাহাপুরের মো. ইসমাইল হোসাইন ও পৌরসভা এলাকার বাসিন্দা আলাউদ্দিন নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগের ঘোষণা দেন।
আলাউদ্দিন বলেন, এনসিপির কমিটিতে রাখার বিষয়ে আমার কোনো মতামত নেওয়া হয়নি। তাই আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নাই।
মো. ইসমাইল হোসাইন বলেন, আমি জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের লোক। দীর্ঘ সময় আমি মামলা হামলার শিকার হয়েছি। এনসিপির কমিটিতে রাখার বিষয়ে আমাকে পূর্ব থেকে কোনো অবগত করা হয়নি। আমি তাদের কোনো কর্মসূচিতেও যাইনি। তাই আমি পদত্যাগ করেছি।
এনসিপির উপজেলা সহকারী সমন্বয়কারী মোশাররফ হোসেন বলেন, আমরা কমিটি পাওয়ার পর সবাইকে নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আমাদের ২০ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে দুইজন সদস্য পদত্যাগ করছে এমন স্ট্যাটাস ফেসবুকে দেখেছি; কিন্তু আমাদের তারা লিখিত বা মৌখিকভাবে কোনো কিছু জানায়নি।
