ফরিদপুরে দিনদুপুরে ব্যবসায়ীর গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইচেষ্টা
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামে দিনের বেলায় এক ভাঙারি ব্যবসায়ীর গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় জনগণ এগিয়ে এসে একজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন।
সোমবার দুপুরে মধুখালী উপজেলার রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. তবিবুর রহমান (৩২) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা গ্রামের বাসিন্দা এবং একজন ভাঙারি ব্যবসায়ী।
তবিবুর জানান, প্রতিদিনের মতো তিনি ব্যবসার উদ্দেশ্যে রহিমপুর এলাকায় আসেন। এ সময় এক কিশোর পুরাতন লোহার রড বিক্রির কথা বলে তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। এরই মাঝে চারজন যুবক তার ওপর হামলা করে ও গলায় ছুরি ঠেকিয়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং একজন ছিনতাইকারীকে আটক করে।
আটক যুবকের নাম মো. রাসুল শেখ (১৯)। তিনি মধুখালী পৌর সদরের মেছোড়দিয়া গ্রামের মো. আজিজার শেখের ছেলে।
কৃষ্ণনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মাসুদ শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি এলাকাবাসী একজনকে আটক করে রেখেছেন। তখন ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ দ্রুত এসে ঘটনাস্থলে পৌঁছায়।
ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. নূর হোসেন জানান, আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
