প্রবাসী বাবাকে আনতে গিয়ে পথে প্রাণ গেল মেয়ে ও তার শ্বশুরের
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৫:০৬ পিএম
দুর্ঘটনা কবলিত গাড়ি। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের জাজিরায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের ধাক্কায় ফিরোজা বেগম (২৫) ও তার শ্বশুর মাসুদ ফকিরের (৬০) মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শিশুসহ অন্তত ৮ জন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ফিরোজা ও মাসুদ এবং আহতদের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে।
স্থানীয় বাসিন্দা কামরুল হোসেন বলেন, ফিরোজার বাবা ছারু ফকির পাঁচ বছর পর ইরাক থেকে দেশে ফিরছিলেন। ভোর ৫টায় তার বিমানবন্দর পৌঁছানোর কথা ছিল। তাকে এগিয়ে আনার জন্য বুধবার রাত ২টার দিকে ফিরোজাসহ পরিবারের ১০ সদস্য একটি মাইক্রোবাসে করে বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা করে। এ সময় তাদের মাইক্রোবাস নাওডোবা এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাস ও কার্ভাডভ্যানের সঙ্গে তাদের মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফিরোজা ও তার শ্বশুর মাসুদের মৃত্যু হয়। এছাড়া ফিরোজার শিশু সন্তানসহ অন্তত ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মাইক্রোবাস ড্রাইভার সবুজ শেখ বলেন, আমাদের গাড়িটি জাজিরার নাওডোবা সীমান্ত এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ও পেছনদিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়।
জাজিরা হাইওয়ে থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
