নরসিংদীতে এনসিপির পদযাত্রায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগমের আশা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে পথসভা ও সমাবেশে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এ কর্মসূচি ঘিরে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।
বুধবার বিকালে নরসিংদী পৌরসভার সামনে আয়োজিত সমাবেশে অর্ধলক্ষাধিক মানুষের সমাগমের আশা জেলার নেতাদের।
জানা যায়, এনসিপির কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার রাতেই গাজীপুর থেকে পথসভা শেষ করে নরসিংদীর উদ্দেশে যাত্রা করবেন এবং নরসিংদীতে রাত্রিযাপন করবেন। বুধবার দুপুরে নরসিংদী ক্লাবে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে খাবার শেষে মতবিনিময় করবেন। পরে বিকাল সাড়ে ৪টায় পদযাত্রা শুরু করবেন ও বিকাল ৫টার দিকে নরসিংদী পৌরসভার সামনে পথসভা করবেন।
এদিকে সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিপির জেলা নেতারা। জেলার সব উপজেলা থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন বলে জানা গেছে। সমাবেশস্থলে গিয়ে দেখা যায় শ্রমিকরা মঞ্চ প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন। সন্ধ্যায় নরসিংদী পৌরসভা চত্বরে স্থাপিত সমাবেশ স্থলের মঞ্চ পরিদর্শন করেন নরসিংদীর নেতারা।
এ সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী বলেন, এনসিপি নির্ভীক একটা দল। এনসিপি রাজপথের যোদ্ধা, কোনো ফুটেজ থেকে উঠে আসেনি। এনসিপির নেতারা সবসময় রাজপথে ছিলেন, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। নরসিংদীতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বরণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার এইচএসসি পরীক্ষা থাকায় বিকাল ৪টা থেকে কর্মসূচি শুরু করা হবে। সমাবেশে বৃদ্ধ থেকে তরুণ সব বয়সের মানুষ অংশগ্রহণ করবে। আশা করা হচ্ছে সমাবেশস্থলে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হবে।
এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি, সদর শাখার প্রধান সমন্বয়কারী নূর হোসাইন, ছাত্র সমন্বয়ক ফাহিম ভূঁইয়া রাজ অভি প্রমুখ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার বলেন, সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশস্থলে ও রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ রাখার জন্য পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনী কাজ করবে।
