গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আরও এক মামলা, আসামি ৪৭৭ জন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০২:২৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংতার ঘটনায় আরও একটি মামলা হয়েছে।
মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।
এ ঘটনায় জেলার চার থানায় এখন পর্যন্ত ১৫টি মামলা করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৩০ জুলাই) গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে গোপালগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং ৩৩)।
এজাহার সূত্রে জানা যায়, ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ পৌর পার্কের সমাবেশ বানচাল করার উদ্দেশ্য বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে। গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি বাজার এলাকায় গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা, লোহার রড, ইট পাটকেল, কাঠের বাটাম দেশিয় অস্ত্র-শস্ত্র ও গাছ কাটার ইলেকট্রিক করাত নিয়ে জনসাধারনের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল শুরু করে।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে ও হত্যার ঘটনায় মোট ১৫টি মামলা করা হলো। সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় মামলাগুলো করা হয়। ১৫টি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১ হাজার ২৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৪ হাজার ৯৬০ জনকে আসামি করা হয়েছে।
গত ১৬ জুলাই থেকে গত সোমবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩৬ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, গত ১৬ জুলাই এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন প্রথমে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। রাতেই জারি করা হয় কারফিউ। পরে কারফিউর মেয়াদ কয়েক দফা বাড়ানো হলেও রোববার (২০ জুলাই) ৮টায় কারফিউ শিথিল করা হয়।
