|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের সালথায় আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নাসিমা বেগম (৩৫) আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা কাইয়ুম মাতুব্বরের স্ত্রী। তার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আশ্রয়ণ প্রকল্পের এক বাসিন্দা বলেছেন, নাসিমা শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে নাসিমার সঙ্গে তার স্বামী কাইয়ুমের ঝগড়া হয়। রাতে নাসিমা শ্বাসকষ্টে মারা যায় বলে আশ্রয়ণ প্রকল্পে খবর ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার সকালে নাসিমার ছোট ভাই আবুল হাসান শরীফ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে জানান, তার বোনকে মেরে ফেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে নাসিমার স্বামীর দাবি, তিনি শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে বড় খারদিয়া আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর থেকে নাসিমার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামীর পরিবারের পক্ষ থেকে শ্বাসকষ্টে মারা গেছে বলা হলেও তাদের কথাবার্তায় সন্দেহ দেখা দিয়েছে। কেউ বলছে, শ্বাসকষ্টে মারা গেছে, আবার কেউ বলছে মেরে ফেলা হয়েছে।
তিনি আরও বলেন, যদিও লাশের শরীরে আঘাতের কোনো দাগ নেই। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
