অনলাইনে চুরির প্রশিক্ষণ: মাঠে গিয়ে ধরা খেল যুবক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৬:৫৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে চুরির প্রশিক্ষণ নিয়েছে এক যুবক। ওই প্রশিক্ষণ কাজে লাগাতে খুলনার পাইকগাছায় ইঞ্জিনচালিত ভ্যান চুরি করার সময় জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন সাগর সানা নামে এক যুবক।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গদাইপুর মোড় থেকে ভ্যানটি চুরি করার সময় তাকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করেন।
আটক সাগর সানা (২৬) উপজেলার রাড়লী গ্রামের তকব্বর সানার ছেলে। ধরা পড়ার পর সানা জানায়, আমি অনলাইনে চুরি করার কৌশল শিখেছি। এটাই আমার প্রথম চুরি; কিন্তু জনগণের হাতে ধরা পড়ে গেলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সানা একজন পাকা চোর। গত কয়েক মাসে গদাইপুরসহ আশপাশের এলাকায় অনেক ভ্যান ও বাইসাইকেল চুরি হয়েছে। এর সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে। এছাড়া তারা একটি সংঘবদ্ধ চক্র।
ভ্যানের মালিক বলেন, আমার আয়ের একমাত্র সম্বল এই ভ্যান। এটা চুরি হয়ে গেলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হতো। প্রশাসনের কাছে দাবি তাকে কঠিন শাস্তি দেওয়া হোক।
এ বিষয়ে পাইকগাছা থানার ওসি বলেন, আটক সানাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
