Logo
Logo
×

সারাদেশ

বাঘার সাবেক মেয়র আক্কাছ ঢাকায় গ্রেফতার

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৭:২৩ পিএম

বাঘার সাবেক মেয়র আক্কাছ ঢাকায় গ্রেফতার

রাজশাহীর বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী ঢাকায় গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে।

আক্কাছ আলী বাঘা পৌরসভার সাবেক মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং কলিগ্রামের মৃত সোলায়মান মণ্ডল চৈতীর ছেলে।

পুলিশের বিশেষ শাখার প্রতিবেদন সূত্রে জানা গেছে, আক্কাছ আলীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে বাঘা থানা ও আদালতে ২২টি মামলা ও ১৭টি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

বাঘা পৌর মেয়রের দুর্নীতিবিরোধী মানববন্ধন কর্মসূচিতে ২০২৪ সালের ২২ জুন দুপুরে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম বাবুলের ওপর আক্কাছের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ দিন চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন বাবুল মারা যান। এ হত্যা মামলার প্রধান আসামি আক্কাছ আলী। এ মামলায় ২০২৪ সালের ৫ জুলাই ঢাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছিলেন।

আক্কাছ আলী ২০০৬ সালের ২৯ মার্চ বাঘা পৌরসভার চেয়ারম্যান হন। ২০২২ সালের ২৯ ডিসেম্বর আবার মেয়র নির্বাচিত হন।

আক্কাস আলীর নামে দুদকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সালের ২৮ অক্টোবর দুদকের রাজশাহী উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন বাদী হয়ে জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা দুটি দায়ের করেন।

আক্কাছ আলী পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালো পতাকা প্রদর্শন, মাতাল অবস্থায় নারীকে বিবস্ত্র করা, পৌর কার্যালয়ে বসে প্রকাশ্যে মদ্যপান, আদালতের কর্মচারী ও পুলিশের ওপর হামলা, চোরাচালানের মালামাল ছিনিয়ে নেওয়া, ধর্ষণ, সহিংসতা ও সন্ত্রাস সৃষ্টি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি ছাড়াও একাধিক হত্যা মামলা রয়েছে। আক্কাছ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে।

২০১৪ সালের ২৪ ডিসেম্বর মদ্যপ অবস্থায় সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমকে হত্যার হুমকি দিয়ে গ্রেফতার হয়েছিলেন। আক্কাছ আলী প্রায়ই আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করেন।

এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, শুনেছি আক্কাছ আলী গ্রেফতার হয়েছেন। তাকে গ্রেফতারের বিষয়ে আমাদের কাছে কোনো মেসেজ আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি আক্কাছ ঢাকায় গ্রেফতার হয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম