চট্টগ্রামে সাবেক ছাত্রদল নেতা সৌরভ বহিষ্কার, ৪ নেতার ব্যাখ্যা তলব
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৭:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। তার সঙ্গে সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ৪ ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌরভ প্রিয় পালের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ পেয়েই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে দলের কেন্দ্রীয় সংসদ।
চার নেতা হলেন- চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বাপ্পি দে, বিপ্লব চৌধুরী বিল্লু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত তালুকদার ও অপু চৌধুরী আকাশ।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালকে প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেন।
একই সময়ে পাঠানো অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়- জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক পদধারী নেতা হয়েও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না- এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
