Logo
Logo
×

সারাদেশ

লোহাগাড়ায় আ.লীগ নেতা গ্রেফতার

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১০:০৩ পিএম

লোহাগাড়ায় আ.লীগ নেতা গ্রেফতার

অবশেষে প্রতারক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইলিয়াস প্রকাশ মাত্তুল ইলিয়াসকে গ্রেফতার করেছে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ। তিনি কখনো সাংবাদিক, কখনো মানবাধিকার কর্মী, কখনো আইনজীবী সহকারী, কখনো মন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে চলতেন।

বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এসআই মোহাম্মদ জাহেদের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চুনতি হাদুর পাহাড় এলাকা থেকে তাকে আটক করে।

আটক ইলিয়াস লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আইয়ুবের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলর ছিলেন।

থানা পুলিশ সূত্র জানায়, আটক ইলিয়াস বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার দুটি মামলায় এজাহার নামীয় আসামি।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, তিনি একাধিক ফৌজদারি মামলার আসামি। আওয়ামী সরকারের আমলে ইলিয়াস প্রভাবশালী এমপি ও মন্ত্রীর সঙ্গে ছবি তুলে এলাকায় প্রভাব বিস্তার করতেন। নিজেকে বিভিন্ন পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত ছিলেন। তিনি মন্ত্রীর পিএস, আইনজীবী সহকারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আওয়মী লীগ নেতা বলে দাবি করে বিভিন্ন প্রশাসনের দপ্তরে দাপিয়ে বেড়াতেন। তার ফেসবুক আইডিতে দেখা গেছে, ফ্যাসিস্ট সরকারের অনেক মন্ত্রীর সঙ্গে তার সেলফি রয়েছে।

ইলিয়াসের চাচা মোহাম্মদ আজিজ বলেন, আমার ভাইপো ইলিয়াস আমার ভারসাম্যহীন বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে উপজেলা রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। বাবার সব জায়গা জমি হাতিয়ে নেয়। পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ করলেও বিচার পাইনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম