Logo
Logo
×
   

সারাদেশ

যৌতুকের জন্য স্ত্রী হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১০:১২ পিএম

যৌতুকের জন্য স্ত্রী হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রামে যৌতুকের জন্য নির্যাতন করে স্ত্রীকে হত্যার মামলায় মোহাম্মদ এস্কান্দর নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আবু সাঈদ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলীর মিনু আক্তারের সঙ্গে রাউজান শাহানগর এলাকার এস্কান্দরের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য মিনুকে নির্যাতন করে আসছিলেন এস্কান্দর। ২০১৭ সালের ১ জানুয়ারি যৌতুকের জন্য কথা কাটাকাটির একপর্যায়ে মিনুকে শ্বাসরোধে হত্যা করে এস্কান্দর। এ ঘটনায় মিনুর ভাই নাঈম উদ্দিন বাদী হয়ে মামলা করেন। প্রথম পর্যায়ে থানা পুলিশ মামলাটি তদন্ত করে। পরে মামলাটি অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি তদন্ত করে।

তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক দোলন বিশ্বাস ২০১৯ সালের ২১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আসামি এস্কান্দরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

এদিকে ঘটনার পর এস্কান্দর পালিয়ে বিদেশে চলে যান। এজন্য পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি বলে আদালতকে জানান তদন্ত কর্মকর্তা। রায় ঘোষণার পর তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম