দাদিকে বাঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাতনির মৃত্যু
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১০:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মধুপুরে দাদিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত পপি খাতুন (২২) জুয়েল মিয়ার স্ত্রী। তিনি দুই বছরের একটি শিশু সন্তানের জননী।
প্রতিবেশী মারুফ হোসেন জানান, দুপুরের দিকে বাড়ির উঠানের উপর দিয়ে বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে দাদি আয়মনা বেগম আটকে যান। তাকে রক্ষা করতে এগিয়ে আসেন নাতনি পপি। দাদিকে বিদ্যুৎস্পৃষ্ট থেকে ছাড়িয়ে তিনি আটকে পড়েন। সেখান থেকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার পর আবারও তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন তাদের আরেক স্বজন খাদিজা (৩৭)। আহতরা চিকিৎসার পর স্বাভাবিক হয়ে উঠেছেন।
