জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিলেন বিএনপি নেতা অমিত
যশোর ব্যুরো
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৭:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের অংশগ্রহণে দিনটি উদযাপন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দিবসের শুরুতে যশোর শহরের বকুলতলায় স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এরপর জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় আহত ও নিহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় তাদের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং তাদের জীবন-মানের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
এদিকে দিবসটি উপলক্ষে শহরের টাউন হল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং শহরের ঈদগাহ মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথক পৃথক সমাবেশ করে।
বিএনপি ও জামায়াতের সমাবেশে দলের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতারা বক্তব্য রাখেন।
এরপর পৃথক রুটে বিএনপি ও জামায়াতের র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এসব র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
