Logo
Logo
×

সারাদেশ

স্মৃতিফলকে যুবদল নেতা না লিখে ‘শ্রমজীবী’ লেখায় প্রতিবাদ

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৭:৩৩ পিএম

স্মৃতিফলকে যুবদল নেতা না লিখে ‘শ্রমজীবী’ লেখায় প্রতিবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা গ্রামের মো. রফিকুল ইসলামের নামে নির্মিত স্মৃতিফলকে তার পদবি যুবদল নেতা না লিখে 'শ্রমজীবী' লেখায় প্রতিবাদ করেছে শিবালয় উপজেলা যুবদল।

মঙ্গলবার শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের অদূরে শহীদ মো. রফিকুল ইসলামের নামে নির্মিত স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে উপজেলা যুবদলের নেতাকর্মীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান।

প্রতিবাদে উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন আলী বলেন, শহীদ মো. রফিকুল ইসলাম শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন; কিন্তু স্মৃতিফলকে তাকে শ্রমজীবী লিখে তাকে ছোট করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবদানকে আড়াল করতে সারা দেশের মতো মানিকগঞ্জেও ষড়যন্ত্র করা হচ্ছে। অবিলম্বে স্মৃতিফলকে তার নামের পাশে রাজনৈতিক পদবি লেখার দাবি করেন। অন্যথায় আগামীতে এর প্রতিবাদে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, এই স্মৃতিফলক এবং লেখাটার কাজটি জেলা প্রশাসন করেনি। এটা ঢাকা থেকে করা হয়েছে। কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে করলে আমরা তা ঢাকায় পাঠিয়ে দেব। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে পাটুরিয়া ফেরিঘাটের অদূরে আরসিএল মোড়ে নৌ-পুলিশের গুলিতে শহীদ হন মো. রফিকুল ইসলাম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম