|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার পূর্বধলায় ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাই মারা গেছেন। তারা যমজ ছিলেন। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারা একে অপরকে খুবই ভালোবাসতেন। প্রতিবেশী ও পরিবারের লোকজনের ধারণা এক ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে অন্য ভাই মারা যান।
হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল মধ্যপাড়া গ্রামে। মৃতরা হলেন- ওই গ্রামের মো. হাসেন আলী (৫৬) ও মো. হোসেন আলী (৫৬)। হাসেন আলী ঘাগড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। আর হোসেন আলী স্থানীয় একটি স মিলে কাঠমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, মো. হাসেন আলী রোববার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃত্যুর পর যমজ ভাই মো. হোসেন আলী কান্নাকাটি ও শোকাহত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার শ্বাসকষ্ট শুরু হলে ওইদিন রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে তিনিও মারা যান।
হাসেন আলীর পরিবারে সাত ছেলে ও এক মেয়ে রয়েছেন। আর হোসেন আলী মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। হোসেন আলীর জানাজা সোমবার সকালে এবং হাসেন আলীর জানাজা আজ মঙ্গলবার বিকালে নিজ গ্রামের বাড়িতে সম্পন্ন হয়। তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।
প্রতিবেশী আজাদুর রহমান বলেন, যমজ এই দুই ভাইয়ের মধ্যে ছিল গভীর সম্পর্ক। একজনের মৃত্যু অন্যজন মেনে নিতে পারেননি বলেই হয়ত এত দ্রুত চলে গেলেন তিনিও। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমেছে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূর আলম জানান, তিনি দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি শুনেছেন। এটি স্বাভাবিক মৃত্যু হলেও বিষয়টি হৃদয়বিদারক বলে মন্তব্য করেন।
