|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরে নকলায় পেয়ারা খাওয়ার সময় গলায় পেয়ারার টুকরা আটকে শ্বাস বন্ধ হয়ে জুঁই মনি নামে ১ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নকলা উপজেলার গৌরদ্বার ইউনিয়নের ছাতুগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জুঁই মণি ছাতুগাঁও গ্রামের জুয়েল রানার মেয়ে।
গৌরদ্বার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, শিশু জুঁই মণির বাবা-মা গাজীপুরে গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করেন। শিশুটি তার নানির কাছে থাকত। বৃহস্পতিবার নানির সঙ্গে পেয়ারা খাওয়ার সময় হঠাৎ পেয়ারার একটি টুকরা জুঁইয়ের গলায় শ্বাসনালিতে আটকে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। দ্রুত তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, পেয়ারার টুকরা গলায় আটকে মৃত্যুবরণকারী ওই শিশুর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
