Logo
Logo
×

সারাদেশ

লাশের ময়নাতদন্তের কথা বলে টাকা হাতিয়ে যুবক গ্রেফতার

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১০:১৪ পিএম

লাশের ময়নাতদন্তের কথা বলে টাকা হাতিয়ে যুবক গ্রেফতার

চিকিৎসক পরিচয়ে রমেকের মর্গে রাখা লাশের দ্রুত ময়নাতদন্তের কথা বলে স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারক চক্রের সদস্য মেহেদী হাসানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকালে তাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতার মেহেদী হাসান রংপুর নগরীর রেলওয়ে কলোনির আবু জাফর আলীর ছেলে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত মারামারির ঘটনায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার গবরধন এলাকার মোসলেম উদ্দিন নিহত হন। তার লাশ রমেক (রংপুর মেডিকেল কলেজ) হাসপাতাল মর্গে রয়েছে। মর্গে থাকা লাশের দ্রুত ময়নাতদন্তের জন্য জিনিষপত্র কেনার কথা বলে দালাল মেহেদী হাসান। এজন্য ভুক্তভোগী পরিবারের কাছে ৮ হাজার টাকা নিয়ে নেয়। এ বিষয়টি পুলিশ দেখতে পেয়ে ঘটনাস্থল থেকেই টাকাসহ তাকে গ্রেফতার করে।

নিহতের ভাতিজা আপেল মাহমুদ বলেন, দ্রুত পোস্টমর্টেম, পোস্টমর্টেমের জন্য জিনিষপত্র কেনার কথা বলে মেহেদী হাসান ৮ হাজার টাকা চান। দ্রুত ময়নাতদন্ত করে দেবে এ কথা ভেবে তাকে টাকা প্রদান করা হয়। টাকা নেওয়ার সময় মেহেদি হাসান নিজেকে চিকিৎসক পরিচয় দেন। পরে বিষয়টি পুলিশ জেনে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মেহেদি হাসান ৮ হাজারের মধ্যে ৭ হাজার টাকা ফেরত দিয়েছেন আমাদের।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, প্রতারক চক্রের সদস্য মেহেদী হাসান দীর্ঘদিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর লোকজনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। একই কায়দায় সোমবার তিনি মর্গে থাকা লাশের পরিবারের কাছে টাকা গ্রহণ করেন। এমন খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম