সংবাদ সম্মেলনে অভিযোগ
পাওনা টাকা চাওয়ায় প্রাণনাশের হুমকি দিচ্ছেন আ.লীগ নেতারা
সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
সংবাদ সম্মেলন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর সোনাগাজীতে পাওনা ১৩ লাখ টাকা ফেরত না দিয়ে উলটো প্রাণনাশের হুমকি দিচ্ছেন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। টাকা ফেরত ও তাদের অব্যাহত হুমকি থেকে জীবন বাঁচাতে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার দুপুরে সোনাগাজী পৌর শহরের হারবি কাবাব রেস্টুরেন্টের কনভেনশন হলে তারা এ সংবাদ সম্মেলন করেন।
প্রতারকদের খপ্পরে পড়ে ১৩ লাখ টাকা হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে। ইউএনও অফিস, বণিক সমিতি, থানা, র্যাব ও সেনাক্যাম্পেও লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পৌর শহরের ৪নং ওয়ার্ডের পাণ্ডব বাড়ির আবদুল হাদীর ছেলে সাবেক ছাত্রলীগ কর্মী মো. ইলিয়াছ প্রতারণার আশ্রয় নিয়ে আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের নুর হোসাইনের কাছ থেকে ১৩ লাখ টাকা হাতিয়ে নেন।
এর বিনিময়ে পৌর শহরের জিরোপয়েন্টে তার ভাড়া করা দোকান ঘরটি নুর হোসাইনকে বুঝিয়ে দেন। তিনি আসসুন্নাহ নামে ফার্মেসি চালু করেন। বিনিময়ে ব্যবসার লভ্যাংশ থেকে ৮ শতাংশ এবং মাসিক ২০ হাজার টাকা ভাড়া পাবেন ইলিয়াছ।
কয়েক মাস যাওয়ার পর ইলিয়াছ নুর হোসাইনকে দোকান থেকে বের করে দিয়ে তার ভাই তথ্যপ্রযুক্তি লীগের সোনাগাজী উপজেলা সভাপতি আজগর হোসেন ও অপর ভাই খুরশিদ আলমকে বুঝিয়ে দেন।
তারা নিউ মিনা বাজার নামে দোকান চালু করেন। এ নিয়ে প্রতিকার চেয়ে নুর হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
তিনি বিষয়টি নিয়ে দুপক্ষের শুনানি দিলে একদিন উপস্থিত হলেও দ্বিতীয় দিন ইউএনওর কার্যালয়ে হাজির হননি ইলিয়াছ। পরে তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে ভুক্তভোগীকে থানায় পাঠান।
থানায় এ বিষয়ে একাধিক সমঝোতা বৈঠক বসলেও ইলিয়াছ হাজির না হয়ে উলটো থানার ওসির বিরুদ্ধে সোমবার ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
ভুক্তভোগী পরিবারকে টাকা ফেরত না দিয়ে অব্যাহত প্রাণনাশের হুমকি দিতে থাকে। এ কারণে ভুক্তভোগী পরিবারটি টাকা উদ্ধার ও জীবন বাঁচাতে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- ভুক্তভোগী নুর হোসাইন, শ্যালক শাখাওয়াত হোসেন রায়হান, টাকা লেনদেনের মধ্যস্থতাকারী আশরাফুল ইসলাম বুলবুল ও তার ফুফা ডা. ইমাম উদ্দিন।
