Logo
Logo
×

সারাদেশ

সাবেক এমপি লবি

আয়নাঘরে নির্যাতিত হয়েছি, রাজনীতি ছাড়তে বাধ্য করা হয়েছিল

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

আয়নাঘরে নির্যাতিত হয়েছি, রাজনীতি ছাড়তে বাধ্য করা হয়েছিল

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি বলেছেন, বিগত সরকারের সময়ে তিনি সাত দিন ‘আয়নাঘর’-এ নির্যাতনের শিকার হয়েছিলেন। 

‘আয়নাঘর নিয়ে যত ধরনের নির্যাতনের তথ্য এসেছে, আমাকেও সেই ধরনের নির্যাতন করা হয়েছে।’

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় চাপ ও হয়রানির মাধ্যমে তাকে বিএনপির রাজনীতি ছাড়তে বাধ্য করা হয়েছিল।  এ সময় তার ব্যবসার লাইসেন্স বন্ধ করে দেওয়া হয় এবং ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করা হয়। এমন হয়রানির পর টানা তিন বছর তাকে কারাভোগ করতে হয়েছে।

বুধবার  দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

বর্তমানে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কাজ করছেন লবি। 

তিনি বলেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তিনি নিজ জন্মস্থান ডুমুরিয়া-ফুলতলা আসনে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেখানে তাকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের মতো শক্তিশালী প্রার্থীর মুখোমুখি হতে হবে। তিনি নির্বাচিত হলে খুলনা-সাতক্ষীরা সড়ক চারলেনে উন্নীত করা এবং বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে কাজ করার প্রতিশ্রুতি দেন। 

এছাড়া তিনি ক্রিকেট থেকে রাজনীতিকে দূরে রাখার পক্ষে মত দেন এবং বিসিবি নির্বাচনে তামিম ইকবালকে সমর্থনের কথা জানান। মতবিনিময় সভায় খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম