সেই ভিডিও নিয়ে ব্যারিস্টার শাহরিয়ারের সমালোচনা করে যা বললেন কাদের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জামায়াতে ইসলামীর জন্য ঢাকা-১৫ আসনে ভোটে চেয়ে প্রচারণার সময় ধারণ করা ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবিরের একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।
ভিডিওতে দেখা যায়, রাস্তায় পান বিক্রি করেন এমন একজনের সঙ্গে আলোচনা করছেন শাহরিয়ার কবির। কথা শেষে ওই বিক্রেতাকে এক হাজার টাকার একটি নোট দিয়ে যান।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।
সোমবার (৯ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ধর্মীয় অনুভূতির কথা বলে ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে এবং শেষ পর্যন্ত নগদ অর্থ দিয়ে তাকে প্রভাবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটলে আড়ালে কী হচ্ছে।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘সৎ লোকের শাসন প্রতিষ্ঠার ওয়াদাকারী দলের নেতা শাহরিয়ার কবির আমিরে জামায়াতের জন্য ভোট চাইতে গিয়ে আল্লাহ এবং ধর্মকে বিক্রি করার পরও যখন হকার লোকটাকে সুবিধা করতে পারে নাই; তখন পকেট থেকে এক হাজার টাকার একটা কচকচা নোট হকারের হাতে গুঁজে দিয়ে তাকে কনভিন্স করার শেষ চেষ্টা করলেন!’
‘শাহরিয়ার কবির প্রথমে ধর্মীয় অনুভূতিতে হিট করেন, আল্লাহর শাসন প্রতিষ্ঠার কথা বলে কনভিন্স করার চেষ্টা করলেন। দেখলো, তাতেও লাভ হচ্ছে না। হকারকে বুঝিয়েছিলেন, রিজিকের মালিক আল্লাহ; কিন্তু যাওয়ার সময় শাহরিয়ার সাহেব ভোটের জন্য হকারকে এক হাজার টাকার একটা নোট ধরিয়ে দিলেন!’
তিনি আরও বলেন, ‘শাহরিয়ার কবিরের মতো নীতিবাক্য আওড়ানো ব্যক্তিরা প্রকাশ্যে, ক্যামেরার সামনে যদি এভাবে টাকা-পয়সার প্রলোভন দিয়ে ভোটের জন্য প্রভাবিত করেন; তাহলে দলের বাকিরা অপ্রকাশ্যে কী করে বেড়াচ্ছেন, আল্লাহ মালুম!’
জামায়াতের নেতাদের সততা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘কাকে বিশ্বাস করবেন? যারা সৎ লোকের শাসনের কথা বলে, ইসলামের কথা বলে, ইনসাফের কথা বলে; তাদের থেকে যদি এমন কিছু পরিলক্ষিত হয়, তাহলে কী বলার আছে? কি করবেন? তারা কি আসলেই সৎ লোক?’
শাহরিয়ার কবিরের ভাইরাল ভিডিওতে দেখা যায়, বয়স্ক ওই ব্যক্তির কাছে শাহরিয়ার কবির জানতে চান, ব্যবসা কেমন হচ্ছে, বয়স্ক ব্যক্তি উত্তর দেন মোটামুটি। তখন শাহরিয়ার কবির বলেন, মোটামুটি কেন? উত্তরে ওই ব্যক্তি বলেন, দেশের পরিস্থিতি ভালো না। সবাই ভয়ের মধ্যে আতঙ্ক, কোন সময় কী করে বয়। এক পর্যায়ে শাহরিয়ার কবির বলেন, আমরা মুসলমান। একমাত্র আল্লাহ ছাড়া আর কার ক্ষমতা আছে ভালো করার? একই সঙ্গে তিনি জিজ্ঞেস করেন, রিজিকের মালিক কে? আপনার সঙ্গে এই মুহূর্তে আমার দেখা হবে এর মালিক কে? উত্তরে ওই ব্যক্তি বলেন, আল্লাহ। তখন শাহরিয়ার কবির বলেন, তাহলে সে যেটা বলছে তার বাইরে গিয়ে দেশ চললে ভালো হবে? এর পর চলে যাওয়ার সময় তিনি ওই ব্যক্তির হাতে এক হাজার টাকার একটি নোট গুঁজে দেন।
উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ ভোটার বা সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানে চাঁদা বা অনুদান প্রদান বা প্রদানের অঙ্গীকার করতে পারেন না।
