৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি আজ, শূন্য পদ ৩০০০
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৩:৫৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে।
বৃহস্পতিবার এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছে পিএসসির একটি সূত্র।
পিএসসি সূত্রে জানা যায়, এই চিকিৎসকদের মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন। এবারের বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।
এ জন্য বিদ্যমান বিধিমালা সংশোধন করে গত মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ২ ঘণ্টা। ২০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। বাকি ১০০ নম্বর থাকবে সংশ্লিষ্ট ক্যাডার ও পদের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় থেকে। প্রতিটি এমসিকিউর জন্য এক নম্বর থাকবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।
পরীক্ষার ধরন ও পরীক্ষার নম্বরের বিষয়ে পিএসসির একজন কর্মকর্তা বলেন, ৪৮তম বিশেষ বিসিএসে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০, সাধারণ বিষয়ে ১০০ নম্বরসহ মোট ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। সাধারণ বিষয়ে ১০০ নম্বরের বণ্টন হবে—বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর ও মানসিক দক্ষতায় ১০ নম্বর।
