Logo
Logo
×

রাজধানী

ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীর মৃত্যু

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম

ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীর মৃত্যু

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইন্স কমপ্লেক্স ভবনে ভর্তি পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে মো. তাহেরুজ্জামান আকাশ (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত আকাশ খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের (লাইফ সায়েন্স স্কুল) ভর্তি পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইন্স কমপ্লেক্সের মোকাররম ভবনের রোবটিক্স বিভাগে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী মোহাম্মদ আবদুল ওহাব জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঢাবির সাইন্স কমপ্লেক্সে চলছিল। পরীক্ষার হলে প্রবেশের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ আকাশ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত আকাশের বাবার নাম মো. ইসমাইল হোসেন এবং মায়ের নাম শামীমা আক্তার। তিনি মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম