Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেল বাংলাদেশির

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৪০ পিএম

মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেল বাংলাদেশির

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. বেলায়েত কাজী (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দেশটির পেরাক অঙ্গরাজ্যের ইপোহ শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলায়েত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের চৌকিঘাটা গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইউসুফ কাজীর ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৬টার দিকে ইপোহ শহরে সড়ক সংস্কার কাজ করছিলেন বেলায়েত। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে বলে জানা গেছে।

স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় দালালের মাধ্যমে মালয়েশিয়ায় পাড়ি জমান বেলায়েত। তবে শুরুতেই নানা প্রতারণার শিকার হন তিনি। নির্ধারিত কর্মস্থলে কাজ না পেয়ে অবৈধভাবে বিভিন্ন নির্মাণ ও সড়ক মেরামতের কাজে যুক্ত হন। সম্প্রতি ইপোহ এলাকায় সড়ক সংস্কার প্রকল্পে কাজ করছিলেন তিনি।

বেলায়েতের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দেশে থাকা স্ত্রী-সন্তান ও স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা কামনা করেছেন।

ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমদ মুন্সী জানান, সকালে দুর্ঘটনার খবর পাওয়ার পর তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন। মরদেহ দেশে পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম