কুমিরের পেটে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ
শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা থেকে
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:১৬ পিএম
কুমিরের পেটে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিরের পেট থেকে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গার কোমাটিপোর্টের কাছে কোমাটি নদীতে প্রায় ৫শ কেজি ওজনের একটি কুমিরের পেট থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
গত ২৭ এপ্রিল নিখোঁজ হয়েছিলেন গাউটেং প্রভিন্স এলাকার এক ব্যবসায়ী (৫৯)। এক সপ্তাহ ধরে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান চালানো হয় দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় পুমালাঙ্গার প্রদেশের মোজাম্বিক সীমান্তে ক্রুগার ন্যাশনাল পার্কের কাছে কোমাটিপোর্টে।
পুলিশের মুখপাত্র কর্নেল মাভেলা মাসোন্দো বলেছেন, শনিবার (২ মে) উদ্ধারকৃত দেহাবশেষটি ওই ব্যবসায়ীর বলে মনে করা হচ্ছে। তিনি একটি জলমগ্ন নিচু সেতুর উপর দিয়ে তার ফোর্ড রেঞ্জার গাড়িটি চালানোর চেষ্টা করছিলেন। এ সময় তিনি গাড়িসহ স্রোতে ভেসে যান। নিখোঁজ ব্যক্তিকে আক্রমণ করেছিল বলে মনে করা হচ্ছে।
মাসোন্দো বলেছেন, সাউথ আফ্রিকান পুলিশ সার্ভিস সার্চ অ্যান্ড রেসকিউ ইউনিট, ন্যাটজয়েন্ট, স্যানপার্কস, ইএমএস, সিকিউরকন এবং পোর্ট ম্যানেজমেন্ট কমিটিকে নিয়ে গঠিত একটি যৌথ দল সেই কুমিরটিকে শনাক্ত করেছে।
হেলিকপ্টারের মাধ্যমে কুমিরটি উদ্ধার করা হয়। অনুমতি পাওয়ার পর কুমিরটিকে যন্ত্রণাহীন মৃত্যু দেওয়া হয়। সেটির অন্ত্র থেকে নিখোঁজ ব্যক্তির পোশাকের সঙ্গে দেহাবশেষ পাওয়া যায়। পরিচয় নিশ্চিত করার জন্য এখন ডিএনএ পরীক্ষা করা হবে।
প্রবল স্রোত ও কুমিরের ব্যাপক আনাগোনার কারণে কঠিন এবং বিপজ্জনক পরিস্থিতিতে অনুসন্ধানকারী দলগুলোর অভিযানের জন্য তাদের নিষ্ঠা ও সাহসিকতার প্রশংসা করেছেন পুমালাঙ্গার ভারপ্রাপ্ত প্রাদেশিক কমিশনার মেজর জেনারেল ড. জেফ মখওয়ানাজি।
