Logo
Logo
×
   

পরবাস

গুগলের আয়োজনে শাড়ি-পাঞ্জাবি-লুঙ্গিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন পাভেল-সুমাইয়া

Icon

মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:০২ এএম

গুগলের আয়োজনে শাড়ি-পাঞ্জাবি-লুঙ্গিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন পাভেল-সুমাইয়া

সংগৃহীত

গুগলের আন্তর্জাতিক আয়োজনে শাড়ি, পাঞ্জাবি ও লুঙ্গি পরে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রবাসী বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী। গুগলের বিভিন্ন অনুষ্ঠানে তাদের এই ঐতিহ্যবাহী বাঙালি পোশাক শুধু উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণই করেনি, বরং বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়কে বিশ্বব্যাপী তুলে ধরার এক অনন্য বার্তাও দিয়েছে।

ভালোবাসা দিবস উপলক্ষে ২০২৩ সালে গুগল লোকাল গাইডস ‘মিট দ্য কাপল দ্যাট গাইডস টুগেদার’ শিরোনামে এই দম্পতিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে তাদের দাম্পত্য জীবনের পাশাপাশি সমাজসেবা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং গুগল ম্যাপসের মাধ্যমে বিশ্বজুড়ে মানুষের উপকারে অবদানের গল্প তুলে ধরা হয়।

২০১২ সালে বাংলাদেশে একটি সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে প্রথম পরিচয় হয় পাভেল ও সুমাইয়ার। পাভেলের ভাষায়, সেটি ছিল 'প্রথম দেখাতেই ভালোবাসা'। ২০১৩ সালে বিয়ের পর ২০১৫ সালে উচ্চশিক্ষার জন্য পাভেল মালয়েশিয়ায় চলে আসেন। অন্যদিকে, সুমাইয়া বাংলাদেশে থেকেই উদ্যোক্তা, কমিউনিটি লিডার ও সমাজকর্মী হিসেবে কাজ চালিয়ে যান। দুই দেশে অবস্থান করলেও গুগল লোকাল গাইডস কমিউনিটিকে ঘিরেই তাদের বন্ধন আরও দৃঢ় হয়।

তাদের দীর্ঘদিনের অবদান আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গুগল ম্যাপস অবদানকারীদের সম্মেলন কানেক্ট লাইভ সিঙ্গাপুর ২০২৬-এ অংশ নেওয়ার জন্য দুজনই পৃথকভাবে আমন্ত্রণ পেয়েছেন।

প্রযুক্তি পেশাজীবী পাভেল সারওয়ার ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তরে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিটে অংশ নেন। পরে তাকে গুগল লোকাল গাইডসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিওতেও তুলে ধরা হয়। ২০২১ সালে তিনি কমিউনিটি বিল্ডার ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া ২০২৫ সালে কানেক্ট লাইভ টোকিওতেও অংশ নেন তিনি।

অন্যদিকে, শেখার প্রতিবন্ধকতা (লার্নিং ডিসঅ্যাবিলিটি) নিয়ে গবেষণারত সুমাইয়া জাফরিন চৌধুরী ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে গুগলের সদর দপ্তরে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিট ও কানেক্ট লাইভে অংশ নেন। ২০১৭ সালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুগল তাকে 'ইনস্পায়ারিং ওম্যান' হিসেবে বিশেষভাবে তুলে ধরে। ২০২০ সালে তিনি হেল্পফুল হিরো ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ড লাভ করেন। এরপর ২০২৩ সালে কানেক্ট মডারেটর কনভারসেশনে অংশ নেন এবং বাংলা নববর্ষ উপলক্ষে গুগলের 'হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার' আয়োজনেও স্থান পান। ২০২৫ সালে কানেক্ট লাইভ টোকিওতেও অংশগ্রহণ করেন তিনি। এছাড়া তিনি গুগল লোকাল গাইডসের কানেক্ট মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পাভেল ও সুমাইয়ার কাছে গুগল ম্যাপস এবং লোকাল গাইডস শুধু একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, বরং এটি তাদের দৈনন্দিন জীবনের অংশ। নতুন জায়গা ঘুরে দেখা, ভ্রমণের পরিকল্পনা, রিভিউ লেখা, ছবি ও ভিডিও আপলোড করা এবং মানচিত্র হালনাগাদ — সবকিছুই তারা করেন মানুষের উপকারের লক্ষ্য নিয়ে।

বর্তমানে মালয়েশিয়ায় বসবাসরত এই দম্পতি বিশ্বের বিভিন্ন দেশের নতুন লোকাল গাইডদের অনুপ্রাণিত করে চলেছেন। তাদের বিশ্বাস, একটি তথ্যসমৃদ্ধ রিভিউ, একটি সঠিক ম্যাপ এডিট কিংবা একটি দরকারি ছবি বা ভিডিও অসংখ্য মানুষের সিদ্ধান্ত গ্রহণকে সহজ করে দিতে পারে।

তাদের এই যাত্রা শুধু গুগল ম্যাপসে পথ দেখানোর গল্প নয়; এটি বিশ্বদরবারে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরারও এক অনন্য উদাহরণ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .