Logo
Logo
×

বিনোদন

স্ত্রী-সন্তানকে নিয়ে কেন ফ্রান্সে গেলেন জর্জ ক্লুনি, যা বললেন অভিনেতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৯:৩৮ পিএম

স্ত্রী-সন্তানকে নিয়ে কেন ফ্রান্সে গেলেন জর্জ ক্লুনি, যা বললেন অভিনেতা

ছবি: সংগৃহীত

অস্কারজয়ী হলিউড অভিনেতা জর্জ ক্লুনি বছর কয়েক আগেই স্ত্রী-সন্তান নিয়ে লস অ্যাঞ্জেলেসে ছেড়ে ফ্রান্সে চলে যান। সম্প্রতি এসকয়ার সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, নিজের এ সিদ্ধান্তে তিনি দারুণ খুশি। কারণ ওখানে থাকলে ওরা (সন্তান) কখনো ঠিকভাবে বড় হতে পারত না। হলিউডের সংস্কৃতি সেটা হতে দেয় না। আমি চাই না ওরা পাপারাজ্জিদের ভয়ে বড় হোক কিংবা অন্য কোনো তারকার সন্তানদের সঙ্গে ওদের তুলনা করা হোক।

হলিউডের প্রভাব আর শহরের কোলাহল থেকে দূরে গিয়ে সন্তানদের একটা স্বাভাবিক জীবন দিতে পেরেছি বলে জানান এ অস্কারজয়ী অভিনেতা। তিনি বলেন, ফ্রান্সে একটা খামারে থাকি আমরা। আমার জীবনের বড় একটা সময় খামারে কেটেছে, তখন সেটি খুব অপছন্দ করতাম। কিন্তু এখন আমার সন্তানদের জন্য ওটাই সবচেয়ে ভালো জায়গা। 

খামারে সন্তানদের জীবনযাপন প্রসঙ্গে অভিনেতা বলেন, ওরা সারাক্ষণ আইপ্যাড নিয়ে বসে থাকে না, বড়দের সঙ্গে ডিনার করে, নিজের থালা ধুয়ে রাখে— এটাই আসল জীবন।

হলিউডের সংস্কৃতি শিশুদের জন্য নয়। লস অ্যাঞ্জেলেসে সন্তানদের মানুষ করার ভাবনাতেই তিনি চিন্তিত ছিলেন বলে জানান এ অস্কারজয়ী অভিনেতা। তিনি বলেন, আমার স্ত্রীর কাজের ধরন তাকে সন্ত্রাসী সংগঠনগুলোর হুমকিতে ফেলে। তাই পরিবারের নিরাপত্তা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান জর্জ ক্লুনি।

সাক্ষাৎকারে নিজের ও সন্তানদের বয়সের পার্থক্য নিয়েও রসিকতা করেন ক্লুনি, ‘আমার বয়স এত বেশি যে আমার ছেলে যখন কিছু করে দেখাবে, তখন আমার হয়তো একটা দাঁতও অবশিষ্ট থাকবে না। চিবানোর বদলে রুটি গিলব।’

সম্প্রতি আমাল ক্লুনি গ্ল্যামার সাময়িকীতে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে বলেন, তাদের বাড়িতে ‘নো ফোন’ নিয়ম চালু রয়েছে। অতিথিদেরও ফোন ব্যবহার করতে দেওয়া হয় না। সবাই যাতে পরস্পরের সঙ্গে সময় কাটায় এবং শিশুদের গোপনীয়তা বজায় থাকে।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জ ক্লুনি বলেছিলেন, ফ্রান্সের খামার এখন তার প্রধান বাসস্থান। ‘কেন্টাকিতে বড় হতে গিয়ে আমি শুধু একটা জিনিসই চেয়েছিলাম— খামার থেকে পালাতে। আর এখন দেখুন— আমি আবার সেই জীবনে ফিরে এসেছি। ট্রাক্টর চালাই, কাজ করি। এর চেয়ে স্বাভাবিক জীবন আর হয় না। নতুন সিনেমা ‘জে কেলি’র প্রচারে ব্যস্ত এখন জর্জ ক্লুনি। আগামী ১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

উল্লেখ্য, জর্জ ক্লুনি ও তার স্ত্রী মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি ২০১৭ সালে যমজ সন্তান আলেকজান্ডার ও এলার বাবা-মা হন। শুরু থেকেই সন্তানদের গোপনীয়তা রক্ষায় সচেতন তারা। ২০২১ সালে ক্লুনি গণমাধ্যমের উদ্দেশে খোলা চিঠিতে অনুরোধ করেছিলেন, যেন কোনো সংবাদমাধ্যম তার সন্তানদের ছবি প্রকাশ না করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম