তিন নম্বরের অপেক্ষায় এমা স্টোন
সেলিম কামাল
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
এমা স্টোন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মাত্র বারো বছর বয়সে থিয়েটারে অভিষেক হয় এমা স্টোনের। ২০০৭ সালে শুরু করেন হলিউড চলচ্চিত্রের ক্যারিয়ার। মাত্র ২০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি বক্সঅফিস থেকে আয় করে ১৭১ মিলিয়ন মার্কিন ডলার। গ্রেগ মোটোলা পরিচালিত সেই টিনএজ সিনেমা ‘সুপারব্যাড’-এ অভিনয় করে এমা জানান দেন, হলিউড দর্শকদের মাতাতে আসছেন তিনি। করেছেনও তাই। ১৮ বছরের সিনেমা ক্যারিয়ারে অর্জন করেছেন খ্যাতি। সঙ্গে রয়েছে অনেক পুরস্কারও। বিভিন্ন ব্যানার থেকে পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ১৯৩টি। বগলদাবা করেছেন ৬৯টি পুরস্কার। এগুলোর মধ্যে দুটি বাফটা, ক্রিটিক্স চয়েস ৫টি, গোল্ডেন গ্লোব দুটি, অস্কার দুটি এবং অন্যান্য। অস্কারে তৃতীয় পুরস্কারটি যেন হাতছানি দিয়ে ডাকছে আমেরিকান অভিনেত্রী এমা স্টোনকে। এখনো মনোনয়ন ঘোষণা না-হলেও চলচ্চিত্রবোদ্ধারা জোরালোভাবে ধারণা করছেন, ২০২৬-এর আসরেও সেরা অভিনেত্রী হতে চলেছেন ২০২৪-এর সেরা এমা স্টোন। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ইয়রগস ল্যান্থিমোস পরিচালিত ‘পুওর থিংস’-এর দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শক মাতিয়েছিলেন তিনি।
এবার তাকে তিন নম্বর অস্কারটি এনে দিতে পারে চলতি বছরের ২৮ আগস্টে মুক্তি পাওয়া ব্ল্যাক কমেডি সিনেমা ‘বুগোনিয়া’। ইয়রগস ল্যান্থিমোস পরিচালিত প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি এখনো অবশ্য পুঁজি ফেরত পায়নি। তা সত্ত্বেও আমেরিকান দর্শকদের তুমুল প্রশংসা এমা স্টোনকে আবারও অস্কারদৌড়ে শামিল করেছে। বিশেষ করে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়ার পর থেকেই তিনি আশান্বিত হতে শুরু করেন। সিনেমায় তার অভিনীত চরিত্রটি গভীরতা তাকে এ সুযোগ করে দিয়েছে। একটি ফার্মাসিউটিক্যাল মেগাকরপোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তার চরিত্র রূপায়ন করেছেন এমা স্টোন। এটা করতে গিয়ে তার নিজেকে কয়েকদফা ভাঙতে হয়েছে। বদলাতে হয়েছে চরিত্রের মেজাজ। একবার তাকে মাথা ন্যাড়াও করতে হয়েছিল। এ নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত একটি টকশো’তে হাসিঠাট্টাও করছিলেন অনুষ্ঠানটির মডারেটর ডাকোটা জনসন। তিনি বলছিলেন, ‘রক্ত গড়িয়ে পড়ছিল মাথা থেকে, সেটি আবার কামানো মাথা! দুর্দান্ত এক দৃশ্য। এ অবস্থায় কাউকে এত সুন্দর লাগে-তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না।’ এমা হাসতে হাসতে বললেন, ‘তুমি প্রশংসা নাকি ফ্লার্ট করছ-বুঝতে কষ্ট হচ্ছে। তবে, এ দৃশ্যের জন্যই চরিত্রটিকে আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। আশা করি, আমি সফল হয়েছি। তোমার (ডাকোটা জনসন) মন্তব্য থেকে মনে হচ্ছে এটা।’ আর এ কারণেই এমার দর্শকরা এত উল্লসিত, আশান্বিত আগামী অস্কারকে ঘিরে। দেখা যাক, কী আছে এমার ভাগ্যে!
