মনস্তাত্ত্বিক সিনেমা নিয়ে আসছেন জুলিয়া রবার্টস
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
জুলিয়া রবার্টস। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
‘আফটার দ্য হান্ট’, হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টসের নতুন সিনেমার নাম। সম্প্রতি সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। এ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল এক সংবাদ সম্মেলনের। সেখানে জুলিয়া রবার্ট বলেছেন, ‘সিনেমার ভাষায় মানবতার কথা বলা যে একটা শিল্প, সেটা এখন অনেকটা নেই বললেই চলে। কিন্তু ‘আফটার দ্য হান্ট’ সেই পরিস্থিতি বদলে দিতে পারে।’ লুকা গুয়াডাগ্নিনো পরিচালিত অ্যামাজন এমজিএম স্টুডিওর ‘আফটার দ্য হান্ট’-এ জুলিয়ার সঙ্গে অভিনয় করেছেন অ্যান্ড্রু গারফিল্ড, আয়ো এডেবিরি, ক্লোয়ে সেভিগনি এবং মাইকেল স্টুহলবার্গ। জুলিয়া রবার্টসের কাছে জানতে চাওয়া হয়েছিল, সিনেমাটি নারীবাদী সংগ্রামকে দুর্বল করে কিনা। উত্তরে তিনি বলেছেন, ‘অসম্মতি জানানো উচিত নয়, কারণ এটি আমার স্বভাব নয়।’ রবার্টস জানান, তিনি এই সিনেমাটির পক্ষে যুক্তি দিয়েছিলেন এ কারণে যে, এটি পুরোনো কিছু বিতর্ককে পুনরুজ্জীবিত করবে। রবার্ট বলেন, ‘এই সিনেমায় অনেক পুরোনো যুক্তি এমনভাবে পুনরুজ্জীবিত হয়ে ওঠে, যেগুলো আলোচনার জন্ম দেবে। আমরা যেটা চেয়েছি, দর্শক সিনেমাটি দেখবেন, প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে আসার সময় আলোচনা করবেন, তর্ক করবেন, এটা এমনটা হওয়া উচিত ছিল না, কিংবা এটা এমনটাই হওয়া উচিত। আমার চেয়েছি, সবাই যেন হল থেকে এই ভিন্ন ভিন্ন অনুভূতি, আবেগ এবং দৃষ্টিভঙ্গি নিয়ে বেরিয়ে আসেন।’
‘আফটার দ্য হান্ট’ মূলত একটি নারীকেন্দ্রিক মনস্তাত্ত্বিক সিনেমা। যেখানে দেখা যাবে, কলেজের অধ্যাপক আলমা ইমহফ (জুলিয়া রবার্টস) নিজেকে ব্যক্তিগত এবং পেশাদারত্বের মোড়ে খুঁজে পান, যখন তারকা ছাত্রী ম্যাগি (আয়ো এদেবিরি) তার সহকর্মী হ্যাঙ্ককে (অ্যান্ড্রু গারফিল্ড) আক্রমণের অভিযোগ করেন। ঘটনাক্রমে অধ্যাপকের অতীতের একটি অন্ধকার রহস্য উন্মোচিত হওয়ার হুমকি সামনে চলে আসে। এরপর সেই অধ্যাপক প্রচণ্ড মানসিক চাপে থাকেন। জুলিয়ার কাছে প্রশ্ন ছিল, ‘এই ধরনের সমস্যাগ্রস্ত নারী’র চরিত্রে অভিনয় করার মধ্যে এত আকর্ষণীয় কী ছিল?’ উত্তরে তিনি বলেন, ‘আকর্ষণীয় হলো, এখানে রসালো জিনিসপত্র আছে।’ অর্থাৎ চরিত্রটির গভীরতা অনেক বেশি, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। সঙ্গে আরও যোগ করেন, ‘আমি এই ধরনের সিনেমা দেখতে উপভোগ করি।’
জুলিয়া জানান, ‘আফটার দ্য হান্ট’-এ কাজ করার মাধ্যমে তাকে ব্রুস বেরেসফোর্ডের ‘টেন্ডার মার্সিজ’ মনে করিয়ে দেওয়া হয়েছিল। ১৯৮২ সালের এই সিনেমায় একজন ভেঙে পড়া, মধ্যবয়সি গ্রামীণ গায়কের গল্প বলা হয়েছে, যখন তিনি সঙ্গী হিসাবে নতুন স্ত্রী পান, তার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া মেয়েকে কাছে পান এবং তার সমস্যাগ্রস্ত জীবনকে আবার জোড়া লাগানোর চেষ্টা করেন।
ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ৮২তম সংস্করণ ২৭ আগস্ট থেকে শুরু হয়েছে। চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। অন্যদিকে অ্যামাজন এমজিএম স্টুডিওস জানিয়েছেন ১৭ অক্টোবর ‘আফটার দ্য হান্ট’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
