Logo
Logo
×

জাতীয়

নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন নৌবাহিনী প্রধানের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:৫৪ পিএম

নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন নৌবাহিনী প্রধানের

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বুধবার জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসাবে তিনি টার্মিনাল পরিদর্শন করেন। 

এ দিন আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নৌ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নিউমুরিং কনটেইনার টার্মিনালের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি এনসিটি-২ জেটি এলাকায় কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম, এপ্রেইস পয়েন্টে কনটেইনার এক্সামিন কার্যক্রম এবং সিটিএমএস ভবনে টার্মিনাল অপারেশন সিস্টেম কার্যক্রম পরিদর্শন করেন। 

এছাড়া তিনি এনসিটিতে কর্মরত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কর্মকর্তা ও সদস্যদের এবং বন্দরের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বন্দরের কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এমডি চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডসহ অন্য সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৭ জুলাই চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কাছে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব প্রদান করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর ফলে বন্দরের কর্মকাণ্ডে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে বন্দরের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনী প্রধান। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম