সাংবাদিকদের শাসালেন এমপি মোবাশ্বের
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আমার হাতে ৫৮ মাস ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে। কুমিল্লার নাঙ্গলকোটে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভায় আমন্ত্রণ জানিয়ে ঠিক এই ভাষাতেই শাসালেন বিএনপি দলীয় সংসদ-সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে আয়োজিত সভায় এ ঘটনা ঘটে। তার এমন আচরণে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
এমপি মোবাশ্বের দাবি করেন, সাংবাদিকদের সহযোগিতায় তিনি এমপি হননি এবং ১৭ বছরে নাঙ্গলকোটের উন্নয়ন নিয়ে সাংবাদিকরা ভূমিকা রাখেননি। এ সময় তিনি নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লাকে সাবেক বিএনপির এমপি আব্দুল গফুর ভুঁইয়ার সঙ্গে ছবি দেখিয়ে বারবার ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দেন। এরপর আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ক্ষমা চাইতে বলেন।
উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, সভায় কেউ কথা বলতে চাইলে এমপি ধমক দিয়ে থামিয়ে দেন। এমনকি তার বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করলে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। সভায় কয়েক সাংবাদিককে বিএনপি ও জামায়াতপন্থি বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া এমপি মোবাশ্বের নাঙ্গলকোট প্রেস ক্লাব পুনর্গঠনের ঘোষণা দিয়ে বলেন, নতুনভাবে সাংবাদিকদের যোগ্যতা যাচাই করে সংগঠন করা হবে এবং এ প্রক্রিয়ায় তার প্রতিনিধিরা যুক্ত থাকবে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়। সাংবাদিক নেতারা একজন সংসদ-সদস্যের এমন আচরণকে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন।