মন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার বিকালে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন টুকুকে দেখতে যান তিনি।
হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী অসুস্থ মন্ত্রীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় চিকিৎসকরা তাকে মন্ত্রীর চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ আপডেট সম্পর্কে অবহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ দলের অন্যান্য নেতাকর্মী। নেতারা বর্ষীয়ান এই রাজনীতিকের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এর আগে জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যা নিয়ে মঙ্গলবার রাতে ইকবাল হাসান মাহমুদ টুকু হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
