Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৪:৪৮ পিএম

এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে যা জানা গেল

ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষকরা এপ্রিল মাসের বেতন আজ পেতে পারেন। বেতনের টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। সন্ধ্যার মধ্যে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতনের অর্থ পৌঁছে যাবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (১১ মে) মাউশির অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, রোববার শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটিতে যুক্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যার মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে বেতনের অর্থ চলে যাবে।

তবে ঈদুল আজহার উৎসব ভাতা বা বোনাস এখনো অনুমোদন পায়নি। মাউশি থেকে এ-সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও সোমবার পর্যন্ত তা অনুমোদন হয়নি।

তিনি আরও বলেন, ৩ লাখ ৮৭ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে জিও জারি করা হবে। এরপর আইবাসের ডাবল-প্লাস সফটওয়্যারে পাঠানো হবে।

এমপিওভুক্তদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা পাঠান। অনলাইনে বিল দাখিলের পর যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম