Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

নবম শিক্ষক নিয়োগে ৬৯ হাজারের বেশি শূন্যপদ, বিজ্ঞপ্তি শিগগিরই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম

নবম শিক্ষক নিয়োগে ৬৯ হাজারের বেশি শূন্যপদ, বিজ্ঞপ্তি শিগগিরই

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নবম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন মিললেই প্রকাশ করা হবে এ বিজ্ঞপ্তি। এতে নিয়োগের জন্য শূন্যপদ রাখা হচ্ছে ৬৯ হাজার ৫৭৭টি।

রোববার (৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

এনটিআরসিএ সূত্র জানায়, প্রবেশপর্যায়ের (এন্ট্রি লেভেল) শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তর যাচাই-বাছাই শেষে ১১৬টি বিষয়ের বিপরীতে ৭৫ হাজার ৭৬৯টি শূন্যপদের তথ্য দিয়েছে। এসব পদের মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য সংরক্ষিত পদ বাদ দিয়ে ৬৯ হাজার ৫৭৭টি পদে নবম এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এনটিআরসিএ ‘নবম এনটিআরসিএ এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৬’-এর বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পদ্ধতি ও পরীক্ষার সিলেবাসের অনুমোদন চেয়ে প্রশাসনিক অনুমতি চেয়েছে।

জানা গেছে, প্রাথমিকভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের চাহিদা পাওয়া যায়। যাচাই-বাছাই শেষে তা কমে দাঁড়ায় ৭৫ হাজার ৭৬৯টিতে। পরে বিভিন্ন কারণে আরও ২ হাজার ৫৩০টি পদ বাদ দেওয়া হলে চূড়ান্তভাবে নিয়োগের জন্য ৬৯ হাজার ৫৭৭টি পদ নির্ধারণ করা হয়।

বর্তমানে এনটিআরসিএ চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের সদস্য মুহম্মদ নূরে আলম সিদ্দিকী অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রশাসনিক অনুমোদনের জন্য চিঠি পাঠিয়েছি। অনুমোদন পেলেই নবম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন গ্রহণ ও নিয়োগ পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .