Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের সমান সুযোগের দাবি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৬:২৭ পিএম

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের সমান সুযোগের দাবি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত এবং থানা, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কোটা পুনর্বহালের দাবিতে জেলা প্রতিনিধি সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।  

শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে দিনভর রাজধানীর দোয়েল চত্বর এলাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে সারা দেশ থেকে আসা ডেলিগেটরদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।   

সম্মেলনে সংগঠনের মহাসচিব মিজানুর রহমান সরকার বলেন, বর্তমানে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৮০ ও ২০ শতাংশ বৃত্তি কোটা নির্ধারণ করায় বৈষম্য তৈরি হয়েছে। তার দাবি, দেশে বিপুলসংখ্যক শিক্ষার্থী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাদরাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। ফলে সীমিত কোটা বহাল থাকলে অনেক মেধাবী শিক্ষার্থী বৃত্তি থেকে বঞ্চিত হবে।

তিনি বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনগুলো দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং জাতীয় শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তাই সরকারি-বেসরকারি নির্বিশেষে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

এ সময় সারা দেশ থেকে আসা শিক্ষক প্রতিনিধিরা বলেন, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কোটা বাতিল হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা শিক্ষাব্যবস্থায় সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। 

সম্মেলনে সরকারের কাছে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে সরকারি ও বেসরকারি সব শিক্ষার্থীর জন্য সাম্যভিত্তিক বৃত্তি নিশ্চিত করা; সিটি করপোরেশন ও জেলা শহরে প্রশাসনিক থানাকে বৃত্তির ইউনিট হিসেবে বিবেচনা করা; ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কোটা পুনর্বহাল করা; এবং বিষয়ভিত্তিক ক্লাস্টার প্রশিক্ষণে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্ত করা।

সংগঠনের যুগ্ম মহাসচিব ফারুক হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেহানা আখতার। এছাড়া বক্তব্য দেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আব্দুল মাজেদ ও জেসমিন নাহার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, শিক্ষা সম্পাদক আবদুল আলীম, প্রচার সম্পাদক সুভাষ চন্দ্র শিকদার, কেন্দ্রীয় গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, সাহিত্য সম্পাদক হাসিনা আখতার এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .