জগন্নাথ বিশ্ববিদ্যালয়
সহপাঠীর ওপর হামলার বিচার চেয়ে বিক্ষোভ, প্রশাসনের বাধা
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৭:৫৬ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর ওপর হামলার বিচার চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের ছাত্র শোয়াইবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ে মিছিল, সমাবেশ ও মানববন্ধন নিষিদ্ধ থাকার কথা জানিয়ে কর্মসূচিতে বাধা দেয় প্রক্টরিয়াল টিমের সদস্যরা।
রোববার (৯ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় তারা শোয়াইবের ওপর হামলার বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘ক্যাম্পাসে সন্ত্রাস চলে, প্রশাসন কী করে’সহ বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, মানববন্ধন চলাকালে রফিক ভবনের নিচে অবস্থান নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদেরও পালটা স্লোগান দিতে দেখা যায়। তারা মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’সহ নানা স্লোগান দেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, আহত সহপাঠীর চিকিৎসা ও হামলার বিচার নিশ্চিত করার পরিবর্তে তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে এবং ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। আমাদের সহপাঠীর সাতটি দাঁত ও চোয়াল ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার এতদিন পরও প্রশাসন কোনো দৃশ্যমান জবাব দিতে পারেনি। বিচার না পেয়ে আমরা কীভাবে চুপ থাকব?
এ সময় প্রক্টরিয়াল টিমের সদস্য ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নঈম আখতার সিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল রাখতে গত ৪ আগস্ট থেকেই ক্যাম্পাসে মিছিল, মিটিং ও মানববন্ধন নিষিদ্ধ করা হয়েছে। কোনো শিক্ষার্থীর অভিযোগ থাকলে বিভাগের ছাত্র উপদেষ্টা বা চেয়ারম্যানের মাধ্যমে লিখিতভাবে প্রক্টর অফিসে জানানো যেতে পারে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা রয়েছেন। পরিবেশ শান্ত রাখতে অন্য কয়েকটি সংগঠনের কর্মসূচিও স্থগিত করা হয়েছে। ৪ আগস্টের ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
এর আগে, গত ৪ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর হামলা করে শাখা ছাত্রদল। হামলার সময় ভিডিও ধারণ করছিলেন গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ শোয়াইব। এ সময় তার ওপরও হামলা করে ছাত্রদল। পরে তাকে উদ্ধার করে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও দ্বিতীয় দফায় হামলার অভিযোগ ওঠে।
হামলায় নিয়ামতের চোয়াল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার সাতটি দাঁত স্থানচ্যুত হয়। পরে অস্ত্রোপচার করে তার চোয়ালের ভেতরে স্টিলের প্লেট বসানো হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানিয়েছেন, এক বছর পর দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করে প্লেটটি অপসারণ করা হবে। এ সময় তিনি শক্ত খাবার খেতে পারবেন না। মুখে তীব্র ব্যথা থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি কথা বলতে পারছেন না। কাগজে লিখে নিজের অনুভূতি ও কষ্টের কথা প্রকাশ করছেন।

