Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম

ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, তদন্তের দাবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুনের বিরুদ্ধে এক আবাসিক শিক্ষার্থীকে হল অফিসে কর্মচারীদের সহায়তায় মানসিকভাবে নির্যাতন ও ভীতি প্রদর্শনের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১৮ আগস্ট) ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আকাশ আলী এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ে আলোচনা-সমালোচনার গণতান্ত্রিক পরিবেশ থাকা জরুরি। প্রশাসনের যেকোনো সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের বিষয়ে একজন শিক্ষার্থীর যৌক্তিক সমালোচনা করার অধিকার রয়েছে। সমালোচনার কারণে কোনো শিক্ষার্থীকে মানসিক নির্যাতন বা হুমকি দেওয়ার ঘটনা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।

তারা বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিগত দিনের নিপীড়নমূলক পরিস্থিতির পরিবর্তন ঘটবে এটাই শিক্ষার্থীদের প্রত্যাশা। কোনো শিক্ষার্থী যেন প্রশাসনের কাছে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে হয়রানি বা ভীতির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোনো ধরনের টালবাহানা না করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে দ্রুত প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্র ফ্রন্ট। পাশাপাশি ফজলুল হক মুসলিম হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টিরও তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .