Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

পরবর্তী ডাকসু নির্বাচনের দিকে এগোচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনে

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:২৫ পিএম

পরবর্তী ডাকসু নির্বাচনের দিকে এগোচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের বিষয়ে প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত প্রাথমিক আলোচনা সভায় বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে প্রশাসন। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাশরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমুজাদ্দেদ আলফাসানে, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ২০২৫ সালের ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষরা। 

সভা সূত্রে জানা গেছে, ডাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেকহোল্ডার, ক্রিয়াশীল ছাত্রসংগঠন ও শৃঙ্খলা পরিষদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শেষে নির্বাচনসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে নির্বাচিত কমিটির এক বছর মেয়াদ আগামী সেপ্টেম্বরেই শেষ হচ্ছে। সে কারণে শিক্ষার্থীদের মধ্যে নতুন নির্বাচনের তফশিল ঘোষণা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। 

এর আগে ১২ আগস্ট বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, নিয়মিত নির্বাচনের স্থায়ী রোডম্যাপ প্রণয়ন এবং নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পরিবেশ তৈরির দাবি জানিয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .