Logo
Logo
×
   

ক্যাম্পাস

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

Icon

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:২৭ এএম

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদলের লোগো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রধান ফটকে দায়িত্বরত এক আনসার সদস্যকে মারধরের ঘটনায় জিল্লুর রহমান নামে এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা জিল্লুর রহমানকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

গত ২১ জুলাই দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রবেশের সময় দায়িত্বরত আনসার সদস্য জিল্লুর রহমানের কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) দেখতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিল্লুর রহমান আনসার সদস্যকে মারধর করেন। এ ঘটনায় ক্যাম্পাসে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম