Logo
Logo
×
   

রাজধানী

শিক্ষককে মারধর করা সেই শিক্ষার্থী গ্রেফতার

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:৪২ এএম

শিক্ষককে মারধর করা সেই শিক্ষার্থী গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও কলেজ পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীর হাতে শিক্ষক হেনস্তার ঘটনায় অভিযুক্ত রাসেল মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৫টায় আগারগাঁও এলাকার নৌ-পরিবহণ অধিদপ্তরের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। 

গ্রেফতার রাসেল মিয়া আইডিয়াল ল কলেজের এলএলবি শেষ বর্ষের ছাত্র। এ ঘটনায় অভিযুক্ত দুই পরীক্ষার্থী রাসেল মিয়া ও শরিফুল ইসলামকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ফাইনাল পর্বের পরীক্ষা চলাকালে নকল করতে বাধা দেওয়ায় তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সোহেল রানাকে মারধর করা হয়। ওই ঘটনায় গত ৯ মার্চ শেরেবাংলা নগর থানায় দুজনকে আসামি করে একটি মামলা করে ভুক্তভোগী শিক্ষক। মামলার ২ নম্বর আসামি রাসেল মিয়া।  

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, পরীক্ষার হলে শিক্ষককে মারধর ও হেনস্তার ঘটনায় মামলার পর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী শিক্ষক সোহেল রানা ঘটনার বর্ণনা দিয়ে জানান, পরীক্ষা শেষে উত্তরপত্র জমা দিয়ে কেন্দ্রের গেট দিয়ে বের হওয়ার পরপরই দুই শিক্ষার্থী তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে সহকর্মী ও কর্মচারীরা তাকে উদ্ধার করেন। বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানানো হলে তার নির্দেশে দ্রুত মামলা নেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম